ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মধ্যবর্তী নদীপথে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহত ও নিহত যাত্রীদের বহনকারী লঞ্চগুলো ঢাকার সদরঘাটে পৌঁছায়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয় থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, দুর্ঘটনায় জড়িত লঞ্চ দুটি হলো ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিএনপির একটি জনসভায় অংশ নিয়ে ঝালকাঠির উদ্দেশে ফেরার সময় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘন কুয়াশার মধ্যে অপর একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে দুই লঞ্চের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মরদেহ বহনকারী জাকির সম্রাট-৩ লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছেছে।