প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বার্তায় আলোচনায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ব্যতিক্রমী বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি বিশ্বখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন।

নিজ বক্তব্যে তারেক রহমান বলেন, যেমনভাবে মার্টিন লুথার কিং মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন, তেমনি বাংলাদেশের জনগণের জন্যও তাঁর একটি সুপরিকল্পিত রূপরেখা রয়েছে—যা তিনি উল্লেখ করেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি’ হিসেবে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের বক্তব্যের মূল বার্তা ছিল একটি দীর্ঘমেয়াদি ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা। তিনি জানান, এরই অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে। অতীতেও তারেক রহমানের বক্তব্যে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের ভাতা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ মূলত এসব অঙ্গীকারেরই সমন্বিত প্রকাশ।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, দেশে ফিরে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এতে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। বিএনপি ইতোমধ্যে নীতিনির্ভর ও জ্ঞানভিত্তিক আটটি খাতভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে—যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, কর্মসংস্থান, ক্রীড়া ও ধর্মীয় নেতাদের উন্নয়ন।

তিনি মনে করেন, আগামী নির্বাচনে জনগণের রায় পেলে এসব পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রকাশ করে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচির আলোকে প্রণীত।

এদিকে, মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেতা। ১৯৬৩ সালে ওয়াশিংটনে দেওয়া তার ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণ বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করে। অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৮ সালে আততায়ীর গুলিতে তার জীবনাবসান ঘটে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা