ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল এলাকায় দুইটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই যাত্রী নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক বছির আলী বিষয়টি নিশ্চিত করেন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সংঘর্ষে জড়িত লঞ্চ দুটি হলো— ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম জানান, নিহত দুই ব্যক্তি জাকির সম্রাট লঞ্চের যাত্রী ছিলেন। তাদের লঞ্চের কোনো যাত্রী হতাহত হয়নি। সংঘর্ষের সময় নিহতরা লঞ্চের কিনারায় অবস্থান করছিলেন এবং ধাক্কার পর ভারসাম্য হারিয়ে প্রাণ হারান বলে তিনি দাবি করেন। দুর্ঘটনার পর দুইটি লঞ্চই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপপরিচালক বছির আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ নিয়ে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি সদরঘাটের উদ্দেশে রওনা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।