প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে আলোচিত তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যম তাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।

 

বার্তা সংস্থা রয়টার্স তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী পদে অগ্রগণ্য নেতা’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

এছাড়া এএফপি, নিউইয়র্ক টাইমস, বিবিসি ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ ও ‘প্রভাবশালী বিরোধীদলীয় নেতা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বিপুলসংখ্যক সমর্থকের উচ্ছ্বাসের মধ্য দিয়ে ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি।

বিবিসি জানায়, দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে নির্বাচনের আগে দেশে ফেরা তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে আল-জাজিরা তাকে বাংলাদেশের ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের উত্তরসূরি ও বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উল্লেখ করেছে।

 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হন লাখো নেতাকর্মী ও সমর্থক। দলীয় পতাকা, ব্যানার ও ফুল হাতে তারা তাকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

 

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এবং ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তার প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল, যখন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার আশ্বাস দিয়েছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে।

 

দেশে ফিরে প্রতীকীভাবে জুতা খুলে মাটিতে পা রেখে একমুঠো মাটি হাতে তোলেন তারেক রহমান। সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সব ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা ও ঐক্যের অঙ্গীকার করেন।

 

উল্লেখ্য, এক সময় বিভিন্ন মামলায় অনুপস্থিতিতে দণ্ডিত হলেও গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর সেসব রায় বাতিল হয়। এতে তার দেশে ফেরার আইনি জটিলতা দূর হয়।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা