বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাসজীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিবিএর পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ ও আনন্দঘন মুহূর্ত। এই প্রত্যাবর্তনে তারা আনন্দিত ও আশাবাদী।
ডিবিএর মতে, তারেক রহমানের দেশে ফেরা দেশের জনগণের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি করবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকা দেশের পুঁজিবাজারে নতুন আস্থা ও গতি ফিরিয়ে আনতে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে, যা ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ডিবিএ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও দেশের কল্যাণে তাঁর ভবিষ্যৎ ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়।