দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।
ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গনে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে তার শাশুড়িও ফুল দিয়ে তাকে বরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর সকাল ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে আবার উড্ডয়ন করে বিমানটি। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান একটি বিশেষভাবে সাজানো বুলেটপ্রুফ বাসে করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংযুক্ত রয়েছে।
পথে রাজধানীর ৩০০ ফিট সড়ক (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া করবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে এবং সেখান থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের ১৯৬ নম্বর বাসায় যাবেন তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাভোগ শেষে ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান এবং এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। দেশের আকাশসীমায় প্রবেশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন—
“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”