দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-২০২’ বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে একটি বুলেটপ্রুফ গাড়ি বিমানবন্দরে পৌঁছেছে, যেটিতে করেই তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৭টার কিছু আগে গাড়িটি বিমানবন্দর প্রাঙ্গণে প্রবেশ করে।
এর আগে বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। যাত্রার সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিদায় জানান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পাশাপাশি দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে দেশে ফিরছেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছাবে।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দরে পৌঁছে তারেক রহমান ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থান করবেন। এরপর তিনি কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পাশাপাশি বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে। পরে তিনি বসুন্ধরা জি ব্লক হয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, প্রিয় নেতাকে একনজর দেখতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ভিড় জমিয়েছেন লাখো মানুষ। কনকনে শীত উপেক্ষা করে অনেকেই রাত কাটিয়েছেন সমাবেশস্থলে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে মানুষ ঢাকায় আসছেন, আর আশপাশের এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সংবর্ধনায়।