বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এখন উৎসবমুখর। আজ বৃহস্পতিবার তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৩০০ ফিট সড়কের পাশে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।
তারেক রহমানকে একনজর দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যেই ঢাকায় এসে জড়ো হয়েছেন। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনে তাঁদের মধ্যে দেখা গেছে আবেগ, উত্তেজনা ও উচ্ছ্বাস। ভিড় ও যাতায়াতের ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে ঢাকায় অবস্থান নিয়েছেন।
সোমবার থেকেই দলবদ্ধভাবে নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রা শুরু হয়। বুধবার রাতেও ট্রেন, বাস ও লঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে আসেন। ঢাকায় পৌঁছে অনেকেই সংবর্ধনাস্থল পরিদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও ও লাইভ শেয়ার করেন।
বুধবার সকাল থেকেই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীদের আসতে দেখা যায়। কুমিল্লা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নামে।
বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি এম. এ. সালাম জানান, শুধু বাগেরহাট থেকেই প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। প্রায় ১৫০টি বাসে তাঁরা অংশ নিয়েছেন কর্মসূচিতে। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকেও প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওনা হন।
বরগুনা জেলা বিএনপি সূত্র জানায়, বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে ২৫–৩০ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকেও আরও অন্তত ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক সংবর্ধনায় অংশ নেবেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের এই ব্যাপক সমাগম রাজধানীর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।