প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইন্টারনেট শাটডাউন স্থায়ীভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা বন্ধ করার কোনো সুযোগ আর থাকছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় এই বিধান যুক্ত করে প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত অধ্যাদেশে নাগরিকের গোপনীয়তা সুরক্ষা, রাষ্ট্রীয় নজরদারিতে জবাবদিহিতা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন আইনে স্পষ্টভাবে বলা হয়েছে—ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না। এই বিধান যুক্ত করা হয়েছে ধারা ৯৭-এর মাধ্যমে। ফলে ভবিষ্যতে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে দেশব্যাপী বা আংশিকভাবে ইন্টারনেট বন্ধের সুযোগ থাকছে না।

সংশোধিত অধ্যাদেশে এনটিএমসি বিলুপ্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস)’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈধ ইন্টারসেপশনের ক্ষেত্রে আধা-বিচারিক কাউন্সিলের অনুমোদন ও সংসদীয় তদারকি বাধ্যতামূলক করা হয়েছে। এই কেন্দ্র নিজে কোনো নজরদারি পরিচালনা করবে না; কেবল প্রযুক্তিগত সহায়তা দেবে।

নাগরিক অধিকার সুরক্ষায় বহুল আলোচিত ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত ধারা সংশোধন করে কেবল সহিংসতার সরাসরি আহ্বানকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সঙ্গে আইনের সামঞ্জস্য আনা হয়েছে।

বিটিআরসির ক্ষমতা ও স্বাধীনতা বাড়াতে মন্ত্রণালয় ও কমিশনের কার্যপরিধিতে ভারসাম্য আনা হয়েছে। গুরুত্বপূর্ণ জাতীয় লাইসেন্স মন্ত্রণালয় অনুমোদন দিলেও অন্যান্য সব লাইসেন্স প্রদানের এখতিয়ার পুনরায় বিটিআরসির হাতে ফিরেছে। লাইসেন্স নিষ্পত্তির সময়সীমা কমানো এবং জরিমানার মাত্রা যৌক্তিক করা হয়েছে, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছে সরকার।

এছাড়া বিটিআরসির স্বচ্ছতা বাড়াতে প্রতি চার মাসে গণশুনানি আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে। নাগরিকের সিম ও ডিভাইস সংক্রান্ত তথ্য অপব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সরকার বলছে, এই সংশোধনের মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে আরও গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা