তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে বুধবার (২৪ ডিসেম্বর) ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী কম্পনে রাজধানী তাইপাইসহ বিভিন্ন এলাকার ভবন কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার নিচে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।
দেশটির শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে শক্তিশালী হলেও তাদের কোনো কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ বা কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। দ্বীপজুড়ে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির একাধিক উৎপাদন কেন্দ্র রয়েছে।
ভূতাত্ত্বিকভাবে তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় অঞ্চলটি নিয়মিত ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এর আগে ২০১৬ সালে দেশটিতে সংঘটিত এক ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ১৯৯৯ সালের ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগগুলোর একটি।