প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন এনজিও কর্মী এবং দুই শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

সাঘাটা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবিনা (৪০) নামের এক নারী মারা যান। তিনি চিনিরপটল এলাকার বাসিন্দা শাহ আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম, যিনি আশা এনজিওতে কর্মরত বলে জানা গেছে।

দুপুরের দিকে সাঘাটা-চিনিরপটল সড়কের ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। পরে আহত মাহমুদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, একই দিন বিকেল পৌনে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটা এলাকায় ট্রাকের চাপায় শেফালী বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার রেজাউল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেজাউল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের কাছে নিতে দুই ও তিন বছর বয়সী দুই সন্তানসহ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সবাই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় শেফালী বেগম ট্রাকের চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা আহত রেজাউল ইসলাম ও দুই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং তার স্বামীসহ দুই শিশু আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা