প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাউফলকে সঙ্গে নিয়েই নির্বাচনী মাঠে নামলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আসন্ন নির্বাচনকে তারা উৎসবমুখর করতে চান। তার ভাষায়, এই মনোনয়নপত্র কোনো একক ব্যক্তি বা দলের নয়—এটি বাউফলবাসী ভোটারদের সম্মান ও অধিকারকে প্রতিনিধিত্ব করে। জনগণই এর প্রকৃত মালিক এবং তারাই নিজেদের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন রিমান্ডে রেখে শারীরিকভাবে অচল করে দেওয়ার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় হুইলচেয়ারে চলতে হয়েছে এবং ব্যক্তিগত জীবনে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হয়েছে। এমনকি গুম ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কাও তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, আল্লাহ যে জীবন তাকে দান করেছেন, তা তিনি বাউফলবাসীর কল্যাণে উৎসর্গ করতে চান। বাউফলবাসীর সেবা করার সুযোগ পেলে সেটিকেই নিজের সবচেয়ে বড় অর্জন মনে করবেন বলে জানান তিনি। তার প্রত্যাশা, এবারের নির্বাচনে জনগণই প্রকৃত অর্থে বিজয়ী হবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ জানান, এ আসন থেকে এখন পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনে আসন্ন নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদের বিপরীতে বিএনপির শহীদুল আলম তালুকদার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুজাহিদুল ইসলাম শাহিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 


 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা