প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জনগণের দুর্ভোগ লাঘব করতেই তারেক রহমানের দেশে ফেরা: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষের কষ্ট লাঘব ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। তিনি জানান, তারেক রহমানকে ঘিরে যে সংবর্ধনা আয়োজন করা হচ্ছে, সেখানে কত মানুষের উপস্থিতি ঘটবে—তা অনুমানের বাইরে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি আরও বলেন, বিশ্বের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার মতো তারেক রহমানের ক্ষেত্রেও নিরাপত্তা ঝুঁকি থাকা স্বাভাবিক। দলীয়ভাবে সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে। সরকার তাদের সক্ষমতা অনুযায়ী সহায়তা করবে বলেই প্রত্যাশা বিএনপির।

এদিকে, একই দিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।

দেশে পৌঁছানোর পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বলে জানানো হয়।

বিএনপি তারেক রহমানের বিমানবন্দর থেকে সভাস্থলে যাওয়ার নির্ধারিত পথও প্রকাশ করেছে। ঘোষিত রুট অনুযায়ী, তিনি রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে বেবিচক ভবনের পাশ দিয়ে জসিম উদ্দীন ইউটার্ন, বিমানবন্দর স্টেশন ও খিলক্ষেত ফ্লাইওভার অতিক্রম করে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছাবেন।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ স্থাপন করা হবে। নির্ধারিত মিডিয়া পাস ছাড়া কোনো সাংবাদিক বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও, তারেক রহমানের ফেরা সম্ভব হয়নি। দীর্ঘ ১৭ বছর পর অবশেষে তিনি দেশে ফিরছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা