প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতাকে ইটভাটায় কু’পিয়ে-পি’টিয়ে নির্মমভাবে হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিক্স নামের একটি ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফরিদ সরকার (৪১) গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জামাল উদ্দিন সরকারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে ফরিদ বাড়ি থেকে বের হন। এ সময় তিনি ইটভাটায় যাওয়ার কথা জানান। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে খবর আসে যে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফরিদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন এবং তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

স্বজনরা তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটভাটার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, রাত দুইটার দিকে ফরিদ ইটভাটায় আসেন। কিছুক্ষণ পর গভীর রাতে চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে ফরিদকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে। আতঙ্কে শ্রমিকরা আত্মগোপন করলে শুধু আর্তচিৎকার শোনা যায়।

ইটভাটার ব্যবস্থাপক জানান, ভোরের দিকে চিৎকার শুনে বাইরে এসে তিনি ফরিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা