প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে ফিরেই মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সর্বপ্রথম তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেবেন।

তিনি আরও জানান, দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালেও যাবেন তিনি।

সালাহউদ্দিন বলেন, তারেক রহমান জনদুর্ভোগ এড়াতে চাওয়ায় রাজধানীর কেন্দ্রীয় স্থানগুলোতে কোনো কর্মসূচি রাখা হয়নি। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিকমিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে রাজধানীর ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একপাশে সীমিত পরিসরে একটি আয়োজন করা হয়েছে। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হবে। ওই আয়োজনে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা