প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তিনি নিজেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিতে বিশ্বাস করেন না, যাতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। সে কারণেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশে ফিরে তারেক রহমান সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করবেন এবং প্রয়াত পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। এ লক্ষ্যে তিনি এমন একটি সময় নির্বাচন করেছেন, যখন টানা তিন দিন সরকারি ছুটি থাকবে।

তারেক রহমানের নির্দেশনা অনুসারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা মানিকমিয়া অ্যাভিনিউয়ের মতো ব্যস্ত এলাকায় কোনো কর্মসূচি রাখা হয়নি বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজধানীর একপাশে অবস্থিত প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একটি অংশে সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দেশের মানুষের কল্যাণ কামনা করে দোয়া করবেন। এ আয়োজনে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা