প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা অনুদান পেলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মাত্র ২৯ ঘণ্টায় প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহ হওয়ায় আপাতত আর কোনো অর্থ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, স্বল্প সময়ের মধ্যে বিপুল সাড়া পুরোনো রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তিনি অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখন শুরু হচ্ছে প্রকৃত লড়াই।

 

তিনি বলেন, এই নির্বাচনে অনেক প্রার্থী কোটি কোটি টাকা ব্যয় করবেন। কিন্তু সাধারণ মানুষ যদি নতুন বাংলাদেশের স্বপ্নে একত্রিত হয়, তবে কালো টাকার প্রভাব টেকসই হয় না। তার মতে, ভোট কেনা যায়—এই ধারণা ভুল প্রমাণ করার সময় এসেছে।

 

নির্বাচনী কৌশল ব্যাখ্যা করে তিনি জানান, ঢাকা-৯ আসনে প্রায় পাঁচ লাখ ভোটার রয়েছে। প্রতিদিন দীর্ঘ সময় হেঁটেও তিনি সীমিত সংখ্যক পরিবারের কাছে পৌঁছাতে পারবেন। তাই মানুষের কাছে বার্তা পৌঁছাতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

ডা. তাসনিম জারা স্পষ্ট করেন, তিনি টাকার রাজনীতিতে বিশ্বাসী নন। এ কারণে কোনো পেইড কর্মী নিয়োগ দেওয়া হবে না। বরং পরিচিত মানুষের সরাসরি কথাই পোস্টার-ব্যানারের চেয়ে বেশি কার্যকর হবে বলে তিনি মনে করেন।

 

সমর্থকদের প্রতি দুটি আহ্বান জানিয়ে তিনি বলেন—এক, সপ্তাহে নির্দিষ্ট সময় দিয়ে প্রশিক্ষণ নিয়ে বাড়ি বাড়ি প্রচারণায় যুক্ত হওয়া; দুই, নির্বাচনের দিন পোলিং এজেন্ট কিংবা ভোটার সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করা। তার ভাষায়, ভোটের দিন এমন মানুষ প্রয়োজন যারা অন্যায়ের কাছে মাথা নত করবে না।

 

ফান্ড ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, সব অনুদান ডিজিটাল মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। নগদ অর্থ নেওয়া হয়নি এবং পুরো প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের নিয়মের আওতায় স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে নির্বাচন কমিশনের কাছেও সব হিসাব জমা দেওয়া হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা