প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। মঙ্গলবার রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সেনাপ্রধানসহ মোট সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিলেন চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য।

 

লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এটিকে ‘জাতির জন্য গভীর ক্ষতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারি সফর শেষে দেশে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবা করে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

নিহত অন্য সামরিক কর্মকর্তারা হলেন—স্থলবাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

 

তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেট জানায়, দাসো ফ্যালকন-৫০ মডেলের বিমানটি উড্ডয়নের পর বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে অবতরণ প্রক্রিয়ার সময় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। পরে আঙ্কারার হায়মানা জেলার একটি গ্রামীণ এলাকায় ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

 

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথাই উঠে এসেছে। বিষয়টি তদন্তে আঙ্কারার প্রধান প্রসিকিউটর কার্যালয় আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। একই সঙ্গে লিবিয়া সরকারও তদন্তে সহায়তার জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

উল্লেখ্য, আল-হাদ্দাদ লিবিয়ার পশ্চিমাঞ্চলের অন্যতম প্রভাবশালী সামরিক নেতা ছিলেন। ২০১১ সালে গাদ্দাফিবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২০ সাল থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে লিবিয়াজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা