দেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ৫৩ বিজিবি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মনাকষা সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাঘববাটি এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী দুর্গম এলাকা ব্যবহার করে অবৈধভাবে অস্ত্রগুলো বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল।
এর আগে গত ১৫ ডিসেম্বর একই ব্যাটালিয়নের অপর এক অভিযানে ০৪টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।