প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের মাধ্যমে আখতার হোসেনের পক্ষে দলীয় নেতারা মনোনয়নপত্র গ্রহণ করেন। উপস্থিত ছিলেন এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আবু রায়হান, রংপুর-৪ আসনের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যান্য নেতারা।

দলীয় নেতারা বলেন, আখতার হোসেন গণঅভ্যুত্থানের অগ্রদূত এবং রাজনীতিতে প্রথম পদার্পণ থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাবশালী ছাত্র হিসেবে তিনি জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নির্বাচিত হলে তিনি রংপুর-৪ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা আখতার হোসেন ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘটের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিত হন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ।

রংপুর-৪ আসনটি সংসদের ২২নং আসন। কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন, যার মধ্যে পাঁচজন হিজড়া ভোটার রয়েছেন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার জয়লাভ করেছে।

এবারের নির্বাচনে রংপুর-৪ আসনে আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থী। তবে জাতীয় পার্টির প্রার্থী পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমানও মাঠে থাকলে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা