প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের হামলায় আক্তার মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাত গুরুতরভাবে জখম হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটার দারোগার ভিটা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহত আক্তার মোল্লা গল্লামারি এলাকার বাসিন্দা এবং চাঁদ আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আক্তার মোল্লা জানান, সকালে বাড়িতে অবস্থানকালে ভাগ্নে শাহেদের পরিচিত কয়েকজন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে বটিয়াঘাটার দারোগার ভিটা এলাকার একটি নির্জন স্থানে পৌঁছানোর পর ৪-৫ জন তাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতে একের পর এক কোপ দিতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা আক্তার মোল্লার পূর্বপরিচিত। মোটরসাইকেলে করে তাকে বাড়ি থেকে ডেকে এনে আলীনগর এলাকার একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত কুপিয়ে জখম করা হয়। ঘটনার সময় অন্তত চারজন সেখানে উপস্থিত ছিল। পুলিশ ধারণা করছে, হামলাকারীরা আক্তার মোল্লাকে পুলিশের তথ্যদাতা মনে করেই এ হামলা চালিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. বাপ্পা রাজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে আক্তার মোল্লার উভয় হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাম হাতের অবস্থা অত্যন্ত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর/পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা