প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে হাতিয়ার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির বাসিন্দা ও মৃত মহিউদ্দিনের ছেলে। বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নভিত্তিক ‘কোপা সামছু বাহিনী’ চরের বিভিন্ন জমি বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি দামে জমি বিক্রির চেষ্টা চালায়।

একপর্যায়ে দুই গ্রুপই আলাদাভাবে চরের জমি বিক্রির উদ্যোগ নেয়, যা নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, কোপা সামছু বাহিনীকে চর এলাকা থেকে হটাতে আলাউদ্দিন বাহিনীর সঙ্গে একটি চক্র আঁতাত গড়ে তোলে। এর জেরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপ মুখোমুখি অবস্থানে গেলে সংঘর্ষ চরমে পৌঁছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা