প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিল্পী সমিতির নির্বাচনে ফের আলোচনায় আহমেদ শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে নতুন করে উত্তাপ। কার হাতে উঠবে শিল্পীদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব—তা নিয়ে বরাবরের মতো এবারও আলোচনা চলছে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার উঠে এসেছেন প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। পাশাপাশি তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহমেদ শরীফ জানান, ব্যক্তিগত ও পেশাগত কাজের কারণে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। যদিও শিগগিরই আবার বিদেশে ফিরতে হবে, তবে নির্বাচনের আগে দেশে থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

নির্বাচনী ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী, এমন শিল্পীদের নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর প্যানেল গঠন করাই তাঁর লক্ষ্য। সংগঠনের সার্বিক স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে এখনো সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন আহমেদ শরীফ। তিনি জানান, এ বিষয়ে সহকর্মী শিল্পীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত স্পষ্ট করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে আহমেদ শরীফের সম্পর্ক দীর্ঘদিনের। সংগঠনটির প্রতিষ্ঠালগ্নে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা