ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের দিকে মিছিল নিয়ে বিক্ষোভ করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বাজরং দলসহ কয়েকটি সংগঠন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এর বিচার দাবি করে এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা এবং মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানায়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয় এবং কুশপুত্তলিকায় আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তাদের হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে আটকে দেয়।
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় পুলিশ ও আধাসামরিক বাহিনী একাধিক স্তরের ব্যারিকেড স্থাপন করে কঠোর নজরদারি চালাচ্ছে।
এর আগে গত শনিবার রাতেও একই কূটনৈতিক এলাকায় বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে আকস্মিক বিক্ষোভ হয়। ওই সময় হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন বাংলাদেশি কূটনৈতিক কর্মকর্তারা।
এছাড়া সোমবার (২২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।