ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা জোরদার করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্স ও একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (গানম্যান) দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, জুলাই আন্দোলনের সম্মুখসারিতে থাকা যোদ্ধা, আন্দোলনের সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ইতোমধ্যে কয়েকজন রাজনৈতিক নেতাকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এনসিপির যেসব নেতাকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে, তারা হলেন— অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
পুলিশ সূত্র জানায়, আরও বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তা ও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের তালিকায় রয়েছেন— জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদসহ আরও কয়েকজন নেতা। তাদের নিরাপত্তা প্রদানের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র আরও জানায়, জুলাই আন্দোলনের সামনের সারির নেতারা ও ফ্যাসিবাদবিরোধী রাজনীতিতে সক্রিয় অনেকেই দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকিতে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসায় সরকার সতর্কতামূলক এসব ব্যবস্থা নিচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত অন্তত ১২ জন লিখিতভাবে গানম্যান ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর অংশ হিসেবেই শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।