প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৪ ঘণ্টায় ২৩ লাখ টাকার বেশি সহযোগিতা পেলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহে স্বল্প সময়েই বড় সাড়া মিলেছে। মাত্র ১৪ ঘণ্টায় তিনি ২৩ লাখ ৬৮ হাজার টাকার বেশি অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, স্বল্প সময়ের মধ্যেই প্রাপ্ত অনুদানের পরিমাণ তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেক ছাড়িয়ে গেছে। তিনি বলেন, মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় তারা অভিভূত।

তার দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী তহবিলের মোট লক্ষ্য ধরা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। নির্ধারিত অঙ্ক পূরণ হলেই অনুদান সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে বলে জানান তিনি।

একই পোস্টে তিনি জানান, বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সীমা শেষ হয়ে যাওয়ায় অনুদান পাঠাতে ইচ্ছুক ব্যক্তিদের আপাতত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

ডা. তাসনিম জারা আরও জানান, পুরো ফান্ডরেইজিং কার্যক্রম স্বচ্ছ ও যাচাইযোগ্য রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব অনুদান নগদ না নিয়ে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষিত থাকে। এসব তথ্য পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে আরেকটি পোস্টে তিনি জানান, প্রথম সাত ঘণ্টাতেই ১২ লাখ টাকার বেশি অনুদান আসে, যা তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এ অভূতপূর্ব সাড়ার জন্য তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা