প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, একজন উপদেষ্টার দায়িত্ব আংশিকভাবে কমানো হতে পারে এবং নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র জানায়, সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে সমালোচনা তীব্র হয়েছে। এ ঘটনার পর তার পদত্যাগ দাবি করে বিভিন্ন মহল সরব হয়। গত কয়েকদিন ধরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জনও ছড়িয়েছে।

তবে এসব গুঞ্জন প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি যদি পদত্যাগ করতেন, তাহলে দায়িত্ব পালন বা বৈঠকে অংশ নিতেন না।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন করে আলোচনায় আসে।

এর আগে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়। পরবর্তীতে ১৭ আগস্ট তাকে সরিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে ওই দায়িত্ব দেওয়া হয়।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা