বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আসার জন্য বিশেষ ট্রেন চালু ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির কর্মী-সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে মোট ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীচাপ বিবেচনায় কয়েকটি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। এই বিশেষ ব্যবস্থার কারণে আগামী ২৫ ডিসেম্বর এক দিনের জন্য তিনটি স্বল্প দূরত্বের ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ট্রেনগুলো হলো—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী)।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছে।
বিএনপির চাহিদা অনুযায়ী কক্সবাজার, জামালপুর, টাঙ্গাইল, ভৈরববাজার, জয়দেবপুর, পঞ্চগড়, খুলনা, চাটমোহর, রাজশাহী ও যশোর থেকে ঢাকামুখী এবং ফেরত যাত্রার জন্য বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া নিয়মিত ট্রেনগুলোতেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে। একই সঙ্গে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি-২০২৫ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।