প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

এবার ভিসা কার্যক্রম স্থগিত করল দিল্লির বাংলাদেশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে সেবা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশও করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি উগ্রপন্থী সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ চলাকালে তারা বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানায় এবং বাংলাদেশ হাইকমিশনারের প্রতি হুমকিমূলক বক্তব্য দেয়।

ঘটনা প্রসঙ্গে রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিক এলাকা সাধারণত কঠোর নিরাপত্তার আওতায় থাকে। সে ধরনের এলাকায় এভাবে উগ্রপন্থীদের প্রবেশ ও বিক্ষোভ অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রত্যাশিত।

তিনি আরও জানান, এসব ঘটনার পর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি অনুভব করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা