আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমান মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আগামী জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া সক্রিয়ভাবে অংশ নেবেন। তিনি স্মরণ করিয়ে দেন, এই আসন থেকেই খালেদা জিয়া টানা তিনবার নির্বাচিত হয়েছেন এবং এবারের নির্বাচনেও বিপুল জনসমর্থনে তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, বগুড়া-৭ আসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অতীতের মতো এবারও সর্বোচ্চ ভোটে তাকে জয়ী করতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রইফ, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে মনোনয়নপত্র উত্তোলন উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।