আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবের কার্যালয় থেকে সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোটগ্রহণের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।