প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৯০ দিনের মধ্যে হাদির হত্যার বিচার হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইন উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যেই রায় দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, জনগণ আর রক্ত দিতে প্রস্তুত নয়। হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা। কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা জরুরি।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যা তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা