প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হত্যার বিচার ছাড়া নির্বাচন নয়: কঠোর বার্তা দিলেন ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে নির্বাচন আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যাকারীদের পরিচয় প্রকাশ ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, আপনি দাবি করেছেন যে শরিফ ওসমান হাদির আদর্শ ও চেতনাকে ধারণ করেন, কিন্তু জানাজা কিংবা জনসমক্ষে একবারও এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনার অবস্থান পরিষ্কার করেননি। এমন একটি নৃশংস হত্যার পর বিচার নিশ্চিতে কী কী পদক্ষেপ নেওয়া হবে—তা আমরা আপনার বক্তব্যে পাইনি। এতে জনগণের মধ্যে হতাশা ও প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আর শুধু রক্ত দেবে—এই সময় শেষ। যারা আমাদের সহযোদ্ধাকে হত্যা করেছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হলে জনগণ নিজস্ব পথে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। একবার রক্তপাত শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের জোর দিয়ে বলেন, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা