দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। ইতোমধ্যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নিরাপত্তা সমন্বয় কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। এ লক্ষ্যে সংগঠনটি পুনর্গঠন করা হয়েছে এবং জনবলও বৃদ্ধি করা হয়েছে। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে সার্বিক নিরাপত্তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিএসএফের সঙ্গে সমন্বয় করে তারেক রহমানের চলাচল ও কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। বিমানবন্দর এলাকায় অতিরিক্ত তল্লাশি চৌকি বসানো হচ্ছে এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের উপস্থিতিও বাড়ানো হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ওই দিন বিমানবন্দরের ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ পুরো এলাকায় কড়াকড়ি নিরাপত্তা থাকবে। একই সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে। ফলে রাজধানীর প্রবেশপথগুলোতে যানজটের আশঙ্কা করছে ট্রাফিক পুলিশ। ২৪ ও ২৫ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প রুট এবং পার্কিং ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুতই চূড়ান্ত ট্রাফিক নির্দেশনা প্রকাশ করা হবে। একই সঙ্গে জনসমাগমে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।