নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রেসনোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক এলাকার গভীরে কীভাবে বিক্ষোভকারীরা প্রবেশ করল—সে প্রশ্ন তুলে ভারতের ব্যাখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা।
রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে আনে। কূটনৈতিক জোনের ভেতরে এমন ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রয়োজনে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কার্যক্রম সীমিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে—এমন ইঙ্গিতও দেন তিনি।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তার ভাষ্য অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০–২৫ জন তরুণ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলে।
রণধীর জয়সওয়াল বলেন, বিক্ষোভকারীরা কোনো সময়ই নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাদের সরিয়ে দেয় এবং এ ঘটনার দৃশ্যমান প্রমাণও জনসমক্ষে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভিয়েনা কনভেনশন অনুযায়ী, ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত ঘনিষ্ঠভাবে নজর রাখছে। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে এবং দীপু চন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।