ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতকে ঘিরে জাতীয় দৈনিক ডেইলি স্টার ও প্রথম আলো-এর কার্যালয়ে হামলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলেছে সংগঠনটি। ঘটনার দায় তাদের ওপর চাপানোর অপচেষ্টার কড়া নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সংগঠনটি সবসময় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। তাদের মতে, সংবাদমাধ্যমে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং এ ধরনের কর্মকাণ্ড ছাত্রশিবির কোনোভাবেই সমর্থন করে না।
বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ডেইলি স্টার ও প্রথম আলোতে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত সত্য আড়াল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের নাম জড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে তারা স্পষ্ট অবস্থান জানায়।
নেতারা আরও উল্লেখ করেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই নেতার ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনের ওপর দায় চাপানোর চেষ্টা হয়েছে। সংশ্লিষ্ট বক্তব্যগুলো সংগঠনের আনুষ্ঠানিক অবস্থান নয়; বরং ব্যক্তিগত মতামত ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টরা ব্যাখ্যা দিয়েছেন এবং অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন বলে জানানো হয়।
বিবৃতিতে পুনরায় জোর দিয়ে বলা হয়, গণমাধ্যম বা কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই এবং এমন ঘটনার সঙ্গে তাদের ন্যূনতম সম্পর্কও নেই। সংগঠনটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়ে গণমাধ্যম ও জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানায়।
শেষে নেতারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ধৈর্য, দায়িত্বশীলতা, প্রজ্ঞা ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।