প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন নগরী গড়তে মাতৃভূমি-ক্লে ওয়াট গ্রুপের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে বৈশ্বিক পর্যটন গন্তব্যে রূপ দিতে বড় পরিসরের বিনিয়োগ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য ডেভেলপার মাতৃভূমি গ্রুপ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান Claywatt Group-এর মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক মানের দুটি ফাইভ-স্টার হোটেল ও রিসোর্ট নির্মাণ করা হবে, যা দেশের পর্যটন অবকাঠামোয় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তিতে মাতৃভূমি গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন মিয়া এবং Claywatt Group-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারজুকি।

অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ আল মারজুকি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে কক্সবাজারের সম্ভাবনা অনেকটাই দুবাইয়ের প্রাথমিক সময়ের মতো। পরিকল্পিত বিনিয়োগ ও আধুনিক অবকাঠামো গড়ে উঠলে এটি আন্তর্জাতিক পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।

মাতৃভূমি গ্রুপ জানায়, এই অংশীদারিত্ব শুধু বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এটি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও উন্নয়ন সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও বিবেচিত হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান এস. এম. আ. আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. বি. এম. হানিফ মিয়া, পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা