ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থিদের হামলার ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ঢাকার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু ঘটনাটিকে সংখ্যালঘু ইস্যু হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। তিনি বলেন, ভারত সরকার এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা বাংলাদেশের রয়েছে। শুধু বিক্ষোভ বা হুমকির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
তৌহিদ হোসেন জানান, ঘটনার সময় সেখানে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকলেও পরিস্থিতি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন ছিল। ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হবে বলে দিল্লি আশ্বাস দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ২০ ডিসেম্বর প্রায় ২০ থেকে ২৫ জন যুবক বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রতিবাদে হাইকমিশনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন।
তিনি দাবি করেন, ওই বিক্ষোভে নিরাপত্তা ভাঙার কোনো চেষ্টা হয়নি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথাও জানান তিনি এবং সংশ্লিষ্ট ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।