প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লক্ষ্মীপুরে চলাচলের রাস্তায় টিনের বেড়া ও বিল্ডিং নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছে অন্তত ১০টি পরিবারের বাসিন্দা। ঘটনার প্রতিকার চেয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের আবদুস শহিদের ছেলে অ্যাডভোকেট ইসমাইল হোসেন ভুক্তভোগীদের পক্ষে থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আবু তাহের, আবু সালেহ ও আবু ছায়েদকে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের ওই রাস্তা নিয়ে পূর্বে উভয় পক্ষের মধ্যে কোনো বিরোধ ছিল না। কয়েক মাস আগে আবু তাহেররা বিল্ডিং নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে যায়। সম্প্রতি সড়কের অপর অংশেও টিনের বেড়া দেওয়া হয়। নিজেদের মালিকানা দাবি করে এসব কাজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সমাধানে একাধিকবার শালিসী বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি।

ভুক্তভোগীদের পক্ষে অভিযোগকারী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, একসময় এই রাস্তা দিয়ে রিকশা ও সিএনজি চলাচল করত। কয়েক বছর আগে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করায় তা বন্ধ হয়ে যায়। তখনও প্রতিকার পাওয়া যায়নি। এখন নতুন করে সড়কের অন্য অংশে টিনের বেড়া দিয়ে চলাচলে সম্পূর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দিতে হয়েছে। অভিযোগের পর থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি ও গালমন্দ করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ইব্রাহীম বলেন, প্রায় ২৫ বছর আগে আমাদের সীমানা নির্ধারণ করে গাছ লাগানো হয়েছিল, যা এখনো বিদ্যমান। এরপরও জোরপূর্বক সড়কের ওপর বিল্ডিং ও টিনের বেড়া দেওয়া হয়েছে। এতে ১০টি পরিবার মারাত্মক ভোগান্তিতে পড়েছে। শালিসী বৈঠকের কোনো সিদ্ধান্ত তারা মানছে না।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে তা আদালত বা জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধান করা উচিত। চলাচলের রাস্তায় বিল্ডিং ও টিনের বেড়া দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। পুরোনো টিনের ঘর ও সীমানার গাছগুলো আজও রয়েছে, অথচ আবু তাহেররা সড়কের তিন থেকে চার ফুট জায়গা দখল করে নিয়েছে।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুনুর রশিদ বলেন, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাটি সত্য। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা শালিসী সিদ্ধান্ত মানেনি। এখন শুনেছি ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু তাহের বলেন, আমরা চলাচলের রাস্তা দখল করিনি, নিজেদের জমিতেই বিল্ডিং ও বেড়া দিয়েছি। কারো আপত্তি থাকলে জমি পরিমাপ করে দেখা যেতে পারে। তবে বিল্ডিং নির্মাণ শেষ হওয়ায় এখন সেটি ভাঙা সম্ভব নয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। দুই পক্ষের সম্মতি থাকলে জমির পরিমাপের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা