প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবি বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্থগিত সূচির নতুন তারিখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য পূর্বে স্থগিত হওয়া ভর্তি পরীক্ষাটি নির্ধারিত নতুন সময়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকার বাইরে কেন্দ্র পাওয়া যেসব পরীক্ষার্থীর ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে এবং কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন আছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য রোববার বিকেল ৫টা থেকে আগামী ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত admission.eis.du.ac.bd ওয়েবসাইটে আবেদন করার সুযোগ থাকবে।

কেন্দ্র পরিবর্তনের আবেদনের ক্ষেত্রে পরীক্ষার্থীদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের স্ক্যান কপি অনলাইনে আপলোড করা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা