প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভালুকায় দিপু দাস হত্যাকাণ্ড: আরও দুইজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ এই গ্রেপ্তারের মাধ্যমে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, শনিবার রাতে হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। সোমবার ভালুকা আমলি আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান আদালত পরিদর্শক পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান।

ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর রাতে। ভালুকার জামিরদিয়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দিপু চন্দ্র দাসকে মারধর করে। একপর্যায়ে তিনি নিহত হন এবং পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরদিন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ সংঘটিত হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার দাবি করেছে, উৎপাদন সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দিপু ছিলেন শিক্ষিত ও ধর্ম সচেতন, এমন কর্মকাণ্ডে তার জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি গত দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা