প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই ধরনের হামলার দৃশ্য বিশ্ববাসী দেখেছে, যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু নির্দিষ্ট স্থাপনা ও ঠিকানায় সহিংস মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা সরকারের দুর্বলতারই ইঙ্গিত দেয়। এসব ঘটনা কঠোরভাবে দমন করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, হামলার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে আগাম তথ্য থাকা সত্ত্বেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিলম্বিত প্রতিক্রিয়াও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রত্যাশা করে। গণতন্ত্রকে টেকসই করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তুলতে হবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ নির্বাসনের পর তার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিএনপি এই প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে কাজে লাগাতে চায় বলে জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা