আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই)-এ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও পলাতক মিলিয়ে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন আজ। রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আদেশ দেবেন। আদেশের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে কি না, তা স্পষ্ট হবে।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীরসহ একাধিক ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশীদ হোসেনসহ আরও কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা।
এর আগে অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা পৃথক পৃথক যুক্তিতে তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান। বিপরীতে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠন করে বিচার শুরু করার দাবি জানানো হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে টিএফআই সেলের ভয়াবহ নির্যাতন ও গুমের চিত্র তুলে ধরে বলেন, গুম হওয়া ব্যক্তিদের অনেককে বছরের পর বছর অজানা স্থানে আটক রাখা হয়েছে, আবার কাউকে দীর্ঘ সময় পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন আদেশের জন্য নির্ধারণ করেন। আদেশের মধ্য দিয়ে এই বহুল আলোচিত মামলার বিচারিক প্রক্রিয়ার নতুন অধ্যায় শুরু হতে পারে।