গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭ নম্বর জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ জন নেতা দলীয় সব পদ-পদবি ও সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী। তিনি জানান, কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই তারা স্বেচ্ছায় দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচীসহ সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।
লিখিত বক্তব্যে সাগর বাগচী আরও বলেন, দলীয় বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা ও অসন্তোষ থেকেই এই সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদত্যাগকারী নেতারা আশা প্রকাশ করেন, তাদের সিদ্ধান্তটি দলীয় ঊর্ধ্বতন মহল গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।