ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানাতে রাজধানীর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এই আলটিমেটামের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে, শরিফ ওসমান হাদির জানাজার আগমুহূর্তে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও একই সময়সীমার আলটিমেটাম দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে কোনো ধরনের সহিংস কর্মসূচিতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের পরবর্তী সব সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চ থেকেই জানানো হবে। তার অভিযোগ, ঘটনার এক সপ্তাহ পার হলেও শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
এ সময় খোদাবক্স চৌধুরীর কাছে আগামী এক সপ্তাহের করণীয় স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরার দাবিও জানান তিনি।
এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের দিকে নেওয়া হয়।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।