প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা না আনার আহ্বান হাদি’র জানাজায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাস্থলে জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো ধরনের পতাকা না আনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

 

শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, জানাজা নামাজের স্থানে কেবল বাংলাদেশের জাতীয় পতাকাই থাকবে। এ বিষয়ে উপস্থিত সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে হাদির পরিবার।

 

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কিছু নির্দেশনাও দিয়েছে সরকার।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, হাদির জানাজা নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ ঢাকায় পৌঁছে। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে রাখা হয়।

 

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগ শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এই তরুণ নেতা জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা