ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজা শেষে শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—কোনো ধরনের ভারী ব্যাগ বা সন্দেহজনক বস্তু বহন না করা এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ রাখা।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহীদ হাদির মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ হিমাগারে সংরক্ষণ করা হয়। জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।