প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, নির্ধারিত সময়েই ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে, গত ৫ ডিসেম্বর তিনি দেশে ফিরেছিলেন। তখন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্ভাব্য বিদেশযাত্রায় সঙ্গী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তার এই সফর ছিল।

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলমান চিকিৎসা তিনি ভালোভাবে গ্রহণ করছেন। সম্প্রতি তার শরীরে একটি ছোট পরিসরের চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপাতত অবস্থার কোনো অবনতি হয়নি।

গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা