প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহ স্থানান্তর করা হয়।

 

সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ হাদির মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর ২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হবে।

 

এদিকে, তার মৃত্যুতে শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা