প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে ট্রেন আটকে রেল ও সড়কপথে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে জামালপুর শহরের গেটপার এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার

(১৯ ডিসেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে প্রায় ৫০ মিনিট আটকে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা শহরের পাঁচ রাস্তা মোড়ে যান চলাচল বন্ধ করে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে সেখান থেকে একটি মিছিল বের করে শহরের প্রাণকেন্দ্র গেটপার এলাকায় যান।

 

সেখানে তারা সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের সিগন্যাল পয়েন্টের আগে আটকা পড়ে। ৪টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা সরে গেলে স্বাভাবিক হয়। এতে ৫০ মিনিট ট্রেন আটকা পড়ে।

 

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আহ্বান জানান।

 

আন্দোলনরত বাংলাদেশ যুব অধিকার পরিষদের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম নূর বলেন, ‘ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

মূল হত্যাকারী ভারতে পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এই ব্যর্থতার প্রতিবাদে জামালপুরের ছাত্র-জনতা রাস্তায় নেমেছে।’

তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগ করতে হবে।’

 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার আখতারুজ্জামান জানান, আন্দোলনের কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই সিগন্যাল পয়েন্টের কাছে দাঁড়িয়ে ছিল।

ট্রেনটির বিকেল ৪টায় স্টেশনে পৌঁছানোর কথা ছিল। প্রায় ৫০ মিনিটের মতো আটকা ছিল ট্রেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা